All Stories

লাড্ডুর অভিযান

লাড্ডুর অভিযান

-নিতারা

এক ছিল এক লাড্ডু। লাড্ডু বাস করত একটা প্লেটে। একদিন তার কিছুই ভাল লাগছিল না। তাই সে হেঁটে হেঁটে প্লেট থেকে বের হয়ে গেল। লাড্ডু লাফ দিয়ে টেবিল থেকেও নেমে পড়ল। ঘরের দরজা বন্ধ দেখে সে একটি জুতোর ভিতরে ঢুকে গেল। জুতোর ভিতর ঘুটঘুটে অন্ধকার। আর জুতোর বিচ্ছিরি গন্ধে লাড্ডুর বমি পেয়ে গেল! সে নাক কুঁচকে এক ছুটে জুতো থেকে বের হয়ে আসলো। হঠাৎ করে লাড্ডু একটা লোকের পায়ের শব্দ শুনতে পেল। আর লোকটি বলল, “আরে! লাড্ডুটা কোথায় গেল?!”

তাই শুনে লাড্ডু ভয় পেয়ে জানালা দিয়ে বাইরে লাফ দিল। বাইরে এসে সে একা একা ঘুরে বেড়াতে লাগল। দুপুরের রোদে লাড্ডুর গা বেয়ে তেল পড়তে লাগল। অনেক কষ্টে সে একটি গাছের নিচে গিয়ে বসল। ক্লান্তিতে সে ঘুমিয়ে পড়ল। হঠাৎ একটি পিঁপড়ার কামড় খেয়ে লাড্ডুর ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখল- একটি লাল পিঁপড়া তার নাকের উপর বসে নাকটা খুটে খুটে খাচ্ছে। লাড্ডু ব্যথায় চেঁচিয়ে উঠল। তার চিৎকারে পিঁপড়াটা ছিটকে গিয়ে মাটিতে পড়ল। লাড্ডু বিরক্ত হয়ে উঠে দাঁড়িয়ে দেখতে পেল- অনেকগুলো পিঁপড়া আর তেলাপোকা তাকে ঘিরে ধরেছে! ওদের থেকে বাঁচতে লাড্ডু প্রাণপণে দৌড়াতে শুরু করল। দৌড়াতে দৌড়াতে বিকেল হয়ে গেল।

অবশেষে লাড্ডু একটা কাশবনে এসে থামল। নরম কাশফুল জড়িয়ে সে আরামে ঘুমিয়ে পড়ল। এর মাঝে সূর্য ডুবে গেল। আকাশে বড় একটা চাঁদ। চাঁদের রূপালী আলোতে লাড্ডুর মুখটা চকচক করছে। হালকা ঠাণ্ডা বাতাসে তার শীত-শীত লাগছে। লাড্ডু পাশ ফিরে শুতেই কি যেন একটা তার নাকে ঢুকে সুড়সুড়ি দিতে লাগল। ঘুম ঘুম চোখে লাড্ডু তাকিয়ে দেখল- একটি ভয়ংকর তেলাপোকা! তেলাপোকাটি লাড্ডুর নাকের ভিতরে তার শুঁড় ঢুকিয়ে নাড়াচ্ছে আর দুষ্টুমি করছে। তখনই লাড্ডু একটা বড় হাঁচি দিল- “হ্যাঁচ্চো…”, আর সাথে সাথে তেলাপোকাটি উড়ে পালালো। লাড্ডু উঠে বসল। চাঁদের আলোয় সে দশটি ইঁদুরকে তার দিকে আসতে দেখল। ইঁদুরগুলো কুচকুচে কালো, ইয়া মোটা আর তাদের দড়ির মত লম্বা লম্বা লেজ।

ইঁদুরগুলো লাড্ডুকে ঘিরে ধরল। তারা পিটপিট করে লাড্ডুকে দেখতে লাগল। ওদের চিকন চিকন আর ধবধবে সাদা দাঁত দেখে ভয়ে লাড্ডুর প্রাণ উড়ে গেল! তাই দেখে ইঁদুরগুলো কিচকিচ করে বলল, “অনেক দিন পরে মজার খাবার পেলাম! আক্রমণ!!!!!!!!!!!” এই শুনে লাড্ডু প্রাণপণে দৌড়াতে লাগল। তার পিছন পিছন ইঁদুরগুলো তাড়া করতে লাগল! লাড্ডু অন্য পথে গিয়ে একটি গাছে উঠে পড়ল। ইঁদুরগুলো লাড্ডুকে আর খুঁজে পেল না। গাছের উপরে লাড্ডু বিশ্রাম নিল।

পরদিন সকাল হতেই লাড্ডুর মুখে সূর্যের আলো এসে পড়ল। সূর্যের আলোতে লাড্ডুর মুখ থেকে তেল বের হয়ে আঠা আঠা হয়ে গেল। এমন সময়, কোকিলের মিষ্টি গান শুনে লাড্ডুর ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখল- কালো একটি পাখি গান গাচ্ছে আর তার মাথার উপরের ডালে লাল রঙের পলাশ ফুল। লাড্ডু মুগ্ধ হয়ে এসব দেখতে লাগল।

হঠাৎ তিনটি বড় বড় চিল এসে লাড্ডুর মাথার উপর দিয়ে চক্কর দিতে লাগল। তাই দেখে কোকিলটি গান বন্ধ করে উড়ে গেল। লাড্ডু তখন একা পড়ে গেল! একটা চিল নেমে এসে ধাম করে লাড্ডুর ডালে বসতেই ডালটি ভীষণ ঝাঁকি খেল। সাথে সাথেই লাড্ডু ডাল থেকে ছিটকে পড়ল। আর পড়তে না পড়তেই, আরেকটি চিল এসে লাড্ডুকে ছোঁ মেরে উড়াল দিল। চিলটি লাড্ডুকে নিয়ে আকাশের অনেক উঁচুতে উঠে গেল। উপর থেকে লাড্ডুর কাছে নিচের সবকিছু খেলনা মনে হচ্ছিল। আর চিলটি লাড্ডুকে খুব মজা করে খাবে, এই ভেবে খুশিতে আকাশ জুড়ে চক্কর দিতে শুরু করল। এতে লাড্ডুর মাথা ঘুরাতে লাগল।

ঠিক তখনই আর একটি চিল এসে ওই চিলটিকে ধাক্কা দিল। হঠাৎ ধাক্কা খেয়ে চিলটির থাবা খুলে গেল! আর লাড্ডু আকাশ থেকে নিচের দিকে পড়তে লাগল। লাড্ডু থপাশ করে শক্ত একটা খোলশের উপর পড়ল। পড়তেই সে কিছুটা চ্যাপ্টা হয়ে গেল।

তখনি সেই খোলশ থেকে ছোট্ট একটা মাথা বের হয়ে আসলো। মাথাটা তার গলা লম্বা করে লাড্ডুকে দেখতে লাগল। লাড্ডু ভয় পেয়ে বলল, “তুমি কে?” মাথাটা উত্তর দিল, “এক্সকিউজ মি!!! আমি হলাম কচ্ছপ, আর তুমি আমার পিঠের উপরে কী করছ?”

লাড্ডু অবাক হয়ে বলল, “এটা তোমার পিঠ?!! এত শক্ত কেন? আমি তো ভেবেছি পাথর!” লাড্ডুর কথা শুনে হাসতে হাসতে কচ্ছপটি উল্টিয়ে পড়ল। আর তার পিঠের চাপ খেয়ে লাড্ডু আরও চ্যাপ্টা হয়ে গেল আর চেঁচাতে লাগল, “আমি চ্যাপ্টা হয়ে গেলাম তো! তুমি এত ভারি কেন?”

এই কথা শুনে কচ্ছপটি হাসতে হাসতে লাড্ডুকে আরও চাপ দিল! লাড্ডু ব্যথা পেয়ে বলল, “আমি মরে গেলাম!!! দমবন্ধ হয়ে গেল!!! প্লিজ, এবার উঠে বসো!”

কচ্ছপটি হাসতে হাসতে উঠে বসল। আর লাড্ডু চ্যাপ্টা হয়ে কচ্ছপের পিঠে লেপ্টে রইলো। কচ্ছপকে এভাবে হাসতে দেখে লাড্ডু রেগেমেগে বলল, “ব্যথা দিয়ে হাসতে হয় না! সরি বলো!”

এই শুনে কচ্ছপটি আরও বেশি করে হাসতে হাসতে পানিতে গিয়ে পড়ল। আর ছপাৎ করে কিছু পানি এসে লাড্ডুকে ভিজিয়ে দিল। লাড্ডু রেগে আগুন হয়ে কচ্ছপের পিঠে কিল দিতে লাগল।

তখন কচ্ছপটি বলল, “আচ্ছা বন্ধু, সরি! সরি! চলো তোমাকে পিঠে নিয়ে সুন্দর কোথাও ঘুরে বেড়াই।”

লাড্ডু বলল, “চলো তাহলে আমাদের অভিযান শুরু হোক!”

তো লাড্ডু কচ্ছপের পিঠে চড়ে আনন্দে ভেসে বেড়াতে লাগল।

স মা প্ত

✦ ✦ ✦